কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনলাইন স্ক্যাম কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৯ বাংলাদেশী নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ছয়টি অল-ইন-ওয়ান কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন ও কিছু জাল মার্কিন ডলার জব্দ করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) নমপেনের ডাংকর জেলার ডাংকর কমিউনের মউল ভিলেজের স্ট্রিট ০২বি-তে একটি বাড়িতে বিদেশীদের ওপর পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই বাড়িতে সন্দেহভাজন অনলাইন স্ক্যাম কার্যক্রম পরিচালনার সন্ধান পায় পুলিশ।
অভিযানে আটক ৯ বাংলাদেশী ও জব্দ করা আলামত পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নমপেন মিউনিসিপ্যাল পুলিশ কমিশারিয়েটে পাঠানো হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নমপেন মিউনিসিপ্যাল কোর্টের প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে।










