ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় থেমে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিয়েছে চলন্ত একটি বাস। এতে দুইবাসের অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
আজ সোমবার রাত নয়টার দিকে উপজেলার কেওটখালি এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে থেমে থাকা ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সোহাগ পরিবহনের একটি বাস। এ ঘটনার পর আহতদের মধ্যে ১৬ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় থাকা আট রোগীকে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত দুটি বাসই ঢাকা থেকে মাওয়া অভিমুখী ছিল। পথে কেওয়াটখালী এলাকায় ইলিশ পরিবহনের বাসটি থামিয়ে যাত্রী ওঠা-নামা করছিল। এসময় একই লেনে পেছন থেকে দ্রুতগতিতে আসা সোহাগ পরিবহনের বাসটি থেমে থাকা ইলিশ পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় ইলিশ পরিবহনের বাসের পেছনের অংশ ও সোহাগ পরিবহন বাসের সামনের অংশ। ক্ষতিগ্রস্ত বাসেই আহত অবস্থায় আটকা পড়েন যাত্রীরা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহ আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস কেটে যাত্রীদের বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইলিশ পরিবহনের বাসটি নির্ধারিত স্থানে বা বাসস্ট্যান্ডে না দাঁড়িয়েই যাত্রী ওঠানামা করছিল।










