ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে তিনটি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষ ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ। তবে আহতদের অবস্থা গুরুতর নয়।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা। এ সময় এক্সপ্রেসওয়েতে প্রায় আধঘণ্টা যান চলাচল ব্যাহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে, হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ক্ষতিগ্রস্ত যানবাহন ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর নয় জানিয়ে, ঘন কুয়াশায় যানবাহন চালকদের সতর্কতার অভাব ও বেপরোয়া গতিকে দুর্ঘটনার প্রধান কারণ বলেও মন্তব্য করেন তিনি।
দুর্ঘটনা এড়াতে কুয়াশার মধ্যে যানবাহন চালকদের অধিক সতর্ক থেকে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।










