ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ুদূষণ ভয়াবহ রূপ নিয়েছে। অনুশীলন বিঘ্নিত হচ্ছে দলগুলোর। এর মধ্যেই চলছে বিশ্বকাপের খেলাও। বৈরী আবহাওয়ায় আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। 

সাত ম্যাচের ছয়টিতে হেরে সেমিফাইনালের আগেই ছিটকে গেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দল শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে চায়। কিন্তু এ মিশনে তাদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাল দিল্লির ধোঁয়াশা। শুক্রবার বাংলাদেশ দলের পুরো অনুশীলন বাতিল করা হয়। শনিবার ১৩ জন অনুশীলনে যোগ দেন। আর গতকাল ম্যাচের আগের দিন মাত্র আটজন অনুশীলন করেন। অন্যরা হাঁপানিজনিত ঝুঁকি এড়াতে অনুশীলন করেননি বলে জানান বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

গতকাল সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আমাদের চিকিৎসক খেলোয়াড়দের ওপর সজাগ দৃষ্টি রাখছেন। কিছু খেলোয়াড় হাঁপানি থাকায় অনুশীলন করেননি। আমাদের যেমন অনুশীলন নিয়ে দুশ্চিন্তা রয়েছে, তেমনি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির বিষয়ও মাথায় রাখতে হচ্ছে। বায়ুদূষণ উভয় দলের ওপরই প্রভাব ফেলছে। এটা আদর্শ কোনো পরিস্থিতি নয়। আবার আমাদের কিছু করারও নেই।’

সেমিতে ওঠার ক্ষেত্রে ম্যাচটি বাংলাদেশের কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তীর্ণ হতে পরের দুটি ম্যাচ জিততে হবে সাকিবদের। আসরের শীর্ষ সাত দল ও স্বাগতিক হিসেবে পাকিস্তান খেলবে পরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। একই কারণে ম্যাচটি শ্রীলংকার জন্যও গুরুত্বপূর্ণ, যারা দুটি জয় নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে এবং এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়নি। 

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর টানা ছয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। টেবিলে বাংলাদেশের নিচে আছে কেবল ইংল্যান্ড। তাদের কাছেও হেরেছে বাংলাদেশ। ২০২১ সালের শুরু থেকে টাইগাররা ৩৯টি ওয়ানডে খেলে ২৪টি জয় পায় (প্রায় ৬১ শতাংশ)। ওয়ানডে সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপে কোয়ালিফাই করা টাইগারদের জন্য এ বিশ্বকাপের ফল বড় এক বিপর্যয়। বিশেষ করে ভারতের কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতো হওয়ায় এবার ভালো ফলের আশা ছিল।   

বাংলাদেশের এ ভরাডুবির দায় নিজের কাঁধে নিচ্ছেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘হ্যাঁ, দলের আরো যে কারো মতোই সমান দায় আমি নিচ্ছি। কারণ সমর্থকদের আমরা হতাশ করেছি, নিজেদেরও হতাশ করেছি। আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। তবে ব্যাপার হলো, প্রথম ম্যাচের পর থেকে এখন পর্যন্ত কিছুই বদলায়নি। বদল এসেছে কেবল আমাদের ভাবনায়। স্কিলে বদল আসেনি। আমার মনে হয়, আমরা নিজেদের হতাশ করেছি উঁচু প্রত্যাশা রেখে। এটিই কেবল আমরা ভাবতে পারি। কারণ আমরা আসলেই নিজেদের সেরাটা খেলতে পারিনি বা যেটুকু আমাদের সামর্থ্য কিংবা বিশ্বকাপের আগে যেমন খেলেছি, তা দেখাতে পারিনি।’

বিশ্বকাপের পর বাংলাদেশের দায়িত্বে থাকতে পারবেন কিনা এ প্রশ্নের মুখে হাথুরুসিংহে উত্তরটি ছেড়ে দিলেন বোর্ডের ওপর। তিনি বলেন, ‘আমার কোচ থাকার ব্যাপারটি আমার হাতে নয়। এটা বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। মাত্র সাত মাস হলো দায়িত্ব পেয়েছি, এর মধ্যে খুব বেশি কিছু করার নেই। সত্যি বলতে আমার আসল কাজ শুরু বিশ্বকাপের পর। কারণ বিশ্বকাপের প্রস্তুতি আলাদা, এরপর এখান থেকে দলকে সামনে এগিয়ে নিতে হবে।’

বামহাতি টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে বিবর্ণ। মাত্র একটি ফিফটি করেছেন। পরের ছয় ম্যাচে একবারও দুই অংক ছুঁতে পারেননি। তার বারবার ব্যর্থ হওয়াকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, ‘হ্যাঁ। ওর সঙ্গে সার্বক্ষণিক কথা হচ্ছে। আমরা কিছুই পাইনি। টেকনিক্যাল কিছু নেই এখানে। শুধুই দুর্ভাগ্য। আমার মনে হয় না, শান্তর টেকনিক নিয়ে কিছু করার আছে। দুর্ভাগ্যবশত এটিই ক্রিকেট, এটিই খেলার সৌন্দর্য।’

লিটন দাস, মুশফিকুর রহিম, অধিনায়ক সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, তানজিদ হাসানদের কেউই ছন্দে নেই। 

শ্রীলংকা দলও বিপর্যস্ত। সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানে হেরেছে কুশল মেন্ডিসের দল। সিংহলিজদের শোচনীয় ব্যর্থতায় বোর্ড সেক্রেটারি মোহন ডি সিলভা পদত্যাগ করেছেন। ক্রিকেটাররাও বিশ্বকাপ শেষে দেশে ফিরে পড়বেন তদন্ত কমিটির জেরার মুখে। এমন পরিস্থিতিতেই আজ দিল্লির প্রতিকূল পরিবেশে বাংলাদেশের মুখোমুখি হবে কুশল মেন্ডিসের দল। 

বিশ্বকাপে দুই দলের চার ম্যাচের মধ্যে তিনটিতে বড় ব্যবধানে জিতেছে শ্রীলংকা, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এছাড়া ৫৩টি ওয়ানডেতে মুখোমুখি হয়ে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র ৯টি, লংকানদের জয় ৪২টি।