চট্টগ্রাম মহানগরীতে ‘শারদ সম্মাননা ২০২৬’-এর সেরা পাঁচ পূজামণ্ডপ নির্বাচিত হয়েছে। নিবন্ধিত ৪৬টি মণ্ডপ সরজমিনে পরিদর্শন ও মূল্যায়ন শেষে দুটি বিশেষ জুরি প্যানেল এ নির্বাচন করে।
গতকাল নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর ভবনে বিজয়ীদের নাম ঘোষণা করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
নির্বাচিত মণ্ডপগুলো হলো গোসাইলডাঙ্গা সর্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির (থিম: ‘ভাড়’), উত্তর কাট্টলীর বৈশাখী সংঘ (থিম: ‘জল দুয়ার’), খলিফাপট্টি সর্বজনীন পূজা উদযাপন পরিষদ (থিম: ‘রক্তাঞ্জলী’), পতেঙ্গা শ্যামা সংঘের হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির (থিম: ‘যুগান্তরের বার্তাবহন’) ও দক্ষিণ নালাপাড়া পূজা উদযাপন পরিষদ (থিম: ‘আত্মকথন’)।
মণ্ডপের শিল্পমান, থিমের গভীরতা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনাকে মূল্যায়নের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।
বিচারক ছিলেন চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ ও দীপক দত্ত, আলোকচিত্রী শোয়েব ফারুকী, নাট্যজন বাপ্পা চৌধুরী ও কংকন দাশ, সাংবাদিক নাছির উদ্দিন হায়দার, ফারুক তাহের, অনুপম পার্থ এবং নৃত্য প্রশিক্ষক প্রিয়াংকা বড়ুয়া।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম সম্প্রীতি, নান্দনিকতা ও নিজস্ব সংস্কৃতির নগরী। শারদ সম্মাননার মতো আয়োজন নগরীর সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।’
‘শারদ সম্মাননা ২০২৬’-এর আহ্বায়ক অধ্যাপক অনিমেশ কুমার চক্রবর্তী। সার্বিক সমন্বয়ে ছিলেন শোভন রাজা, শ্রাবণ দাশ ও আদিত্য দাস।
চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ বলেন, ‘প্রতিটি মণ্ডপের থিম ও শিল্পভাবনা প্রশংসনীয় ছিল। নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে সেরা মণ্ডপ নির্বাচন ছিল দায়িত্বপূর্ণ কাজ।’










