নেদারল্যান্ডসকে হারিয়ে শুরু। এরপর রেকর্ড রান তাড়া করে শ্রীলংকাকে হারায় বাবর আজমের দল। এরপর যেন হারিয়েই গেল ওয়ানডে ক্রিকেটে গত এক বছরের অন্যতম সেরা দলটি। তারা টানা তিন ম্যাচে হেরেছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে। এর মধ্যে শেষের হারটি নিশ্চিতভাবেই তাদের বুকে শেল হয়ে বিঁধেছে। এই প্রথম ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে হারাতে সমর্থ হয় আফগানরা।
’৯২-এর চ্যাম্পিয়নরা এবার বিশ্বকাপ খেলতে আসে অন্যতম ফেভারিট হিসেবে। সেই দলটি এখন সেমির আগেই বিদায়ের ঝুঁকিতে। সামনের প্রতিটি ম্যাচ জিতলেই কেবল শেষ চারের টিকিট মিলতে পারে বাবরদের। কিন্তু সেটি যে প্রায় অসম্ভব, তা বলাই বাহুল্য।
পাকিস্তানের জন্য উৎকণ্ঠার হলো আজ তাদের সামনে বিস্ফোরক ব্যাটিং করা দল দক্ষিণ আফ্রিকা, যারা চলতি আসরে শ্রীলংকার বিপক্ষে ৪২৮, বাংলাদেশের বিপক্ষে ৩৮২ ও ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রানের সৌধ গড়ে জিতেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তারা তিনশোর্ধ্ব সংগ্রহ গড়ে। চলতি আসরে নিখুঁত পারফরম্যান্স প্রদর্শন করা প্রোটিয়াদের কলঙ্ক বলতে নেদারল্যান্ডস ম্যাচ। ডাচরা ২৪৬ রানের টার্গেট ছুড়ে দিয়েছিল প্রোটিয়াদের। সেই রান চেজ করতে নেমে ব্যাটিং শক্তিধর দলটি কিনা ২০৭ রানে গুটিয়ে গেল!
যদিও এরপর স্বরূপে ফিরেছে প্রোটিয়ারা। ইংল্যান্ডকে ২২৯ রানে ও বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে। কুইন্টন ডি কক (১১৪.৯৭ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৪০৭ রান), হাইনরিখ ক্লাসেন (১৫০.৭৮ স্ট্রাইক রেটে ২৮৮ রান), এইডেন মার্করাম (১২৩.৮৩ স্ট্রাইক রেটে ২৬৫ রান) রয়েছেন অবিশ্বাস্য ফর্মে। টগবগ করে ফুটতে থাকা প্রোটিয়া ব্যাটিং পাওয়ারের সামনে আজ ধুঁকতে থাকা পাকিস্তান বোলিং কী করবে, সেটি দেখার অপেক্ষা।
আজ জিতলে ভারতকে টপকে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে যাবে দক্ষিণ আফ্রিকা। তখন দুই দলের পয়েন্ট সমান ১০ হলেও প্রোটিয়ারা শ্রেয়তর নেট রানরেট নিয়ে এক নম্বরে থাকবে। যদিও এক ম্যাচ কম খেলা ভারত ২৯ অক্টোবর ইংল্যান্ডকে হারিয়ে আবার শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ পাবে।
বর্তমান ফর্ম প্রোটিয়াদের এগিয়ে রাখলেও দুই দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখিতে ৩-২ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। আবার ওয়ানডে ফরম্যাটে এবং ওয়ানডে বিশ্বকাপ দুটোতেই এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ৮২ ম্যাচের মুখোমুখিতে দক্ষিণ আফ্রিকা ৫১ ম্যাচে ও পাকিস্তান ৩০ ম্যাচে জিতেছে। বিশ্বকাপে পাঁচবারের দেখায় পাকিস্তান দুটিতে ও প্রোটিয়ারা তিনটিতে জিতেছে। ১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯ বিশ্বকাপে প্রোটিয়ারা টানা জিতেছে। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে টানা জিতে জবাব দেয় পাকিস্তান। আজ কি ৩-৩ করবে বাবর আজমের দল, নাকি ৪-২ করবে প্রোটিয়ারা?










