জুলাই গণঅভ্যুত্থানের সময় সাধারণ মানুষের ধারণ করা ভিডিও সংরক্ষণ ও একটি নাগরিক আর্কাইভ গড়ে তোলার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার উদ্যোগে শুরু হচ্ছে ‘বাংলা ব্লকেড রিলস আর্কাইভ’ ক্যাম্পেইন।
‘গো ক্রিয়েটিভ প্রেজেন্টস’ আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সময় ধারণ করা ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার কাজ করা হবে।
আয়োজকদের মতে, জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি প্রজন্মের সাহস, প্রতিবাদ ও স্বপ্নের গল্প। সেই সময়ের অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্ত এখনও ছড়িয়ে আছে মানুষের মোবাইল ফোন, ক্যামেরার মেমোরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে। সময়ের সঙ্গে সঙ্গে এসব ভিডিও হয়ে উঠছে ইতিহাসের মূল্যবান দলিল।
ক্যাম্পেইনে অংশ নিতে হলে অংশগ্রহণকারীকে গণঅভ্যুত্থানের সময় নিজের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে হবে। ভিডিওটি কোথায় এবং কবে ধারণ করা হয়েছে, তা ক্যাপশনে উল্লেখ করতে হবে। পাশাপাশি #বাংলাব্লকেডরিলসআর্কাইভ এবং #GoCreative হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং পোস্টটি পাবলিক রাখতে হবে।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি আইফোন, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ট্যাব, তৃতীয় পুরস্কার হিসেবে একটি স্মার্টওয়াচ। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে ২ হাজার টাকা মূল্যের বই উপহার।
শিক্ষার্থী, চাকরিজীবী, সাংবাদিক, আলোকচিত্রী কিংবা সাধারণ নাগরিক সকলেই এই উদ্যোগে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের সময়সীমা ২২ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ৫ আগস্ট।
আয়োজকরা জানান, ব্যক্তিগত স্মৃতির বাইরে এসব ভিডিও একটি ঐতিহাসিক গণআন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল। তাই নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, অভিজ্ঞতা ও স্মৃতিগুলো সংরক্ষণ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।










