রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনই মোটরসাইকেল আরোহী। তাদের মধ্যে আশিক (১৭) নামে একজনের পরিচয় জানা গেছে। নিহত আশিক উপজেলার মধুপুর ইউনিয়নের পাকারমাথা ধনতোলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি জানান, উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাদের সামনে ব্যাটারিচালিত একটি চার্জারভ্যান ছিল। ওই দুই মোটরসাইকেলচালক পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় আশিক নামে একজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। এ ঘটনায় রিপন (১৬) ও লিপ্ত (১৫) নামে আরও দুইজন আরোহী আহত হয়েছেন।

ওসি আরো জানান, নিহত আশিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। অপরজনের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।