চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৬ এপ্রিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে দলের নেতাকর্মীরা। গতকাল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু এ তথ্য জানান।
তিনি জানান, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এক সভায় খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২৬ এপিল বেলা আড়াইটায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
এদিকে সাজাপ্রাপ্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।










