নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব আক্রোশের জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইমন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় শাহরিয়ার জয় (১৯) নামে আরো এক কলেজছাত্র আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাগমাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।
নিহত ইমন আদর্শনগর এলাকার মো. শাহ আলমের ছেলে। তিনি আদর্শ নগর এলাকার আলী আকবর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। আহত শাহরিয়ার জয় তেজগাঁও পলিটেকনিকের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ইমন ও হামলাকারী রাসেল দুজন বন্ধু ছিলেন। রাসেল দিন দিন বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ায় ইমন তাকে এড়িয়ে চলতেন। তাই রাসেল তার গ্যাংয়ের ৮-১০ জন সদস্য নিয়ে বুধবার সকালে ইমনকে তুলে নিয়ে মারধর করে। পরবর্তীতে আবার বুধবার রাতে রাসেলসহ তার বাহিনীর সদস্যরা ইমন ও শাহরিয়ার জয়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ইমনসহ তাদেরকে ছুরিকাঘাত করা হয়। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।










