মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু ও পরিবারের আরো তিনজন আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বিল্লাল হোসেন (৬৫) ও তার স্ত্রী আলনা বেগম (৫০)। আহতরা হলেন তাদের ছেলের বউ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অটোরিকশাচালক (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, অসুস্থ নাতনিকে দেখতে সোমবার সকালে ব্যাটারি চালিত অটোরিকশায় করে গজারিয়ায় যাচ্ছিলেন বিল্লাল হোসেন ও তার পরিবার। আনারপুরা এলাকায় ইউ-টার্ন নেয়ার সময় মতলব থেকে ঢাকাগামী মতলব পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে বিল্লাল হোসেন ও আলনা বেগম মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের চালক কাউসার হোসেন (২৫) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ বাস ও অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি।