পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে স্থানীয় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, ফেনী ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো চারজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

পঞ্চগড়: ব্যক্তিগত কাজে গতকাল দুপুরে মোটরসাইকেলে দেবীগঞ্জ থেকে নীলফামারীর ডোমার উপজেলার চিকারহাটে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা কাজল রায় (১৯)। রিপন ইসলাম (২০) নামে আরো এক ব্যক্তি তার সঙ্গে ছিলেন। বসুনিয়ারহাট-চিকারহাট সড়কের গোয়ালপাড়ায় পৌঁছলে সড়কে পড়ে থাকা একটি ইটের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান কাজল। রিপন ইসলামও আহত হন। স্থানীয়রা তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।

কাজল রায় দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের ঢাকাইয়াপাড়ার তাপস রায়ের ছেলে। তিনি উপজেলার কালীগঞ্জ বিএম কলেজ ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আহত রিপন ইসলামের বাড়ি দেবীগঞ্জ পৌরসভার নতুন বন্দরে।

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

চট্টগ্রাম: সীতাকুণ্ডের পোর্ট লিংক কনটেইনার ডিপোয় কনটেইনার বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. সালাউদ্দীন (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া নগরীর কর্নেলহাটে সড়ক পার হতে গিয়ে গাড়িচাপায় পরীজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। গতকাল এ দুটি দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের পোর্ট লিংক কনটেইনার ডিপোর ভেতর কনটেইনার বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া কর্নেলহাটে সড়ক পার হওয়ার সময় পরীজান বিবিকে চাপা দেয় একটি বাস। হাসপাতালে আনা হলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ফাজিলপুর ইউনিয়নের পূবালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আরিফুল ইসলাম ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মানা পাটোয়ারী বাড়ির আবুল কালামের ছেলে।

মানিকগঞ্জ: সাটুরিয়া উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় গকুল মণি দাস (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গকুল মণি দাস উপজেলার ধানকোড়া ইউনিয়নের ঋষিপাড়ার ক্ষিতীশ মণি দাসের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, গকুল মণি দাস হেঁটে নয়াডিঙ্গি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা যাত্রীসেবা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাসটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।