বগুড়ায় রবিউল ইসলাম (৩০) নামে পুলিশের এক এসআই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার আনুমানিক রাত পৌনে ৯টার সময় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে এ ঘটনা ঘটে।
খবর পয়ে বগুড়া শহরের স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। রবিউল ইসলাম বগুড়ার সারিয়াকান্দি থানার চন্দনবাইশা পুলিশ তদন্তকেন্দ্রে দায়িত্ব থাকাকালে তাকে জানুয়ারিতে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, রবিউল আজিজুল হক কলেজে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তবে কেন এ হামলা হয়েছে তা এখনো নিশ্চিত নই। ঘটনায় জড়িতদের গ্রেফতারে এরই মধ্যে কয়েকটি দল কাজ করছে।
বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাত করা হয়েছে।
আহত রবিউল পুলিশ সদস্যদের জানান, চার-পাঁচজন যুবক তার ওপর অতর্কিত হামলা করে। তবে কেন এ হামলা হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।










