বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচার মারধরে ভাতিজা মো. মোহাতাব (১৬) নিহত হয়েছে। গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত সাইফুল ফকিরকে (৫৫) গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, ৮ জানুয়ারি বিকালে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউপির কৃষ্ণপুর (মধুপুর) গ্রামে চাচা সাইফুলের হাতে মারপিটের শিকার হয় ভাতিজা মো. মোহাতাব (১৬)। স্থানীয়রা আহত অবস্থায় মোহাতাবকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সে মারা যায়।  এ ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।