ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে টানা তিন ম্যাচে হেরে খাদের কিনারায় চলে যাওয়া শ্রীলংকা এরপর টানা দুই জয়ে সেমিফাইনালের আশা পুনরুজ্জীবিত করেছে। আজ তাদের সামনে হ্যাটট্রিক জয়ের হাতছানি। পুনেতে আফগানিস্তানের মুখোমুখি হবে সিংহলিজরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। 

দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে টানা তিন হারে বিপর্যস্ত হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা। বিপদের সময় তারা হারায় দলনায়ক দাসুন শানাকাকে। এরপর ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসে সিংহলিজ শিবিরে। প্রথমে তারা হারায় নেদারল্যান্ডসকে, এরপর আহত বাঘ ইংল্যান্ডকে মাটিতে নামান কুশল মেন্ডিসরা। তাতে জেগে ওঠে সেমিফাইনালের স্বপ্নও। আজ তারা জিতলে চতুর্থ স্থানধারী অস্ট্রেলিয়াকে (৮ পয়েন্ট) টপকে চারে উঠতে না পারলেও পঞ্চম স্থান সংহত করতে পারবে ঠিকই। 

যদিও কাজটা আজ সহজ হবে কি? আফগানরাও ভীষণ উজ্জীবিত। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে জয়ের খাতা খোলা আফগানিস্তান ২৩ অক্টোবর চেন্নাইয়ে হারিয়ে দেয় পাকিস্তানকেও। প্রতিবেশী দেশের সঙ্গে সেটাই রশিদ খান, মোহাম্মদ নবিদের প্রথম ওয়ানডে জয়। আজ শ্রীলংকাকে ছেড়ে কথা বলবেন না জোনাথন ট্রনের শিষ্যরা।