নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় শেরপুরে নদ-নদীর পানি কমতে শুরু করেছে। অবশ্য পানি কমলেও কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি না থাকায় এবং নদ-নদীর পানি কমতে থাকায় শেরপুরে বন্যার আশঙ্কা অনেকটাই হ্রাস পেয়েছে।
তবে সিলেটে টানা কয়েক দিনের ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে। যদিও কোনো নদ-নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।
পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘কয়েক দিন ধরে সিলেটের নদ-নদীতে ক্রমাগত পানি বেড়েই চলছে। ভারত থেকে আসা পাহাড়ি ঢলই পানি বাড়ার মূল কারণ। ভারতে বৃষ্টি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া সিলেটে টানা ভারি বর্ষণও পানি বাড়ার আরেকটি কারণ।’
পাউবোর তথ্য বলছে, গতকাল বিকাল ৩টা পর্যন্ত সিলেটের প্রধান দুই নদী সুরমা, কুশিয়ারাসহ অন্যান্য নদ-নদীতে পানি বেড়েছে, তবে বিপৎসীমা অতিক্রম করেনি। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চলের কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে। গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলং জিরো পয়েন্ট এলাকা পানিতে প্লাবিত হয়েছে। একইভাবে কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদা পাথরেও পানি স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘সিলেটে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে স্থানীয় প্রশাসন ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। পরিস্থিতির অবনতি হলে স্বেচ্ছাসেবী, সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষণিক সব ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত রয়েছে।’
শেরপুর পাউবোর সর্বশেষ তথ্য অনুযায়ী, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোগাই নদীর নকুগাঁও পয়েন্টে পানি বিপৎসীমার ৩৭৯ সেন্টিমিটার নিচে, নালিতাবাড়ী পয়েন্টে ২৪৬ সেন্টিমিটার নিচে এবং পুরনো ব্রহ্মপুত্র নদে ৬৩৭ সেন্টিমিটার নিচে রয়েছে। মঙ্গলবার মহারশি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় এলাকায় নদীর পাড়ে ফাটল সৃষ্টি হয়েছে।
জেলা কৃষি বিভাগ কৃষকদের পাকা ধান দ্রুত কেটে উঁচু স্থানে সংরক্ষণের পরামর্শ দিয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় মাইকিং করা হয়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক রয়েছে। আমরা সব সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে উপজেলার সব স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মিটিং করা হয়েছে এবং কোনো ধরনের সমস্যা দেখা মাত্রই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে।’










