ময়মনসিংহের ত্রিশাল ও ফুলপুর উপজেলায় পৃথক দুর্ঘটনায় কৃষক লীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় তিন জেলায় আরো দুজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ময়মনসিংহ: গতকাল সকালে নিজের ফিশারির মাছ বিক্রি করে প্রাইভেট কারযোগে ময়মনসিংহ থেকে ত্রিশালের নিজ বাড়িতে ফিরছিলেন কৃষক লীগ নেতা শামীম পারভেজ ও তার সহযোগী নজরুল ইসলাম দীপক। প্রাইভেট কারটি ত্রিশাল উপজেলার নুরুর দোকান নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় কারটিতে আগুন ধরে গেলে শামীম পারভেজ (৩৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন নজরুল ইসলাম দীপক (৭০)।

একই দিন সকালে জেলার ফুলপুরে ট্রাকচাপায় সুরুজ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত সুরুজ আলী ফজরের নামাজ পড়তে বের হয়ে সড়কে এলে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ইমাদপুরে একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

গাজীপুর: গতকাল সকাল ৮টার দিকে জেলার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রশিকা মোড়ে বালিবাহী ড্রাম্প ট্রাকচাপায় এক অটোরিকশা চালক নিহত হন। নিহত সুজন (৩৫) শ্রীপুর পৌর এলাকার কড়ইতলা গ্রামের মৃত জয়নালের ছেলে। 

ঝিনাইদহ: গতকাল দুপুরে জেলা সদরের পাঁচ মাইল এলাকায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।