রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২১-২২ অর্থবছরের ১ হাজার ৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৫৩৬ টাকা ১৬ পয়সার প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়েছে। গতকাল দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত জরুরি সাধারণ সভায় (বাজেট সভা) এ বাজেট অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র বলেন, রাসিক পরিচালনায় নয়টি অগ্রাধিকার কর্মকৌশল ঠিক করেছি।
সভায় ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদিত হয়। ২০২০-২১ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৩২৯ টাকা ৯২ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৫৬১ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৩৭ টাকা ৯৬ পয়সা। বাজেট সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো. মশিউর রহমান।










