অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েই গতকাল রাতে ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান, তার ডেপুটি থাকবেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি সাবেক অধিনায়ক তামিম ইকবালের। 

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে ২০১৫ সালে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দু-দুটি সেঞ্চুরি করে ইতিহাস গড়েন মাহমুদউল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তিনিই প্রথম সেঞ্চুরি করেন। তার কীর্তিতে সেবার কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ, যা বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা অর্জন। 

যদিও এবারের বিশ্বকাপে ৩৭ বছর বয়সী ক্রিকেটারের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। এশিয়া কাপে তাকে রাখেননি নির্বাচকরা। আসরটিতে বাংলাদেশ দল খুব ভালো না করায় আকস্মিকভাবেই সুযোগ এসে যায় তার সামনে। নিউজিল্যান্ড সিরিজে তাকে প্রমাণের সুযোগ দেন নির্বাচকরা। এ পরীক্ষায় তিনি পাস করেছেন। দুই ম্যাচে যথাক্রমে ৪৯ ও ২১ রানের দুটি ইনিংস খেলে পেয়েছেন বিশ্বকাপগামী দলের টিকিট। 

তামিমবিহীন এ বিশ্বকাপে অভিজ্ঞ ও তারুণ্যের মিশ্রণে দল গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’খ্যাত পাঁচ ক্রিকেটারের মধ্যে মাশরাফি অনেক আগেই জাতীয় দলের অধ্যায় শেষ করেছেন। তামিম এবার চোটের কাছে হার মানলেন। বাকি তিন পাণ্ডব সাকিব, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ দলের কাণ্ডারি হয়ে খেলবেন ভারতের। 

বর্তমানে ফর্ম খারাপ থাকলেও গত দু-তিন বছরে দলের সেরা ব্যাটসম্যান ভাবা হয় লিটন কুমার দাসকে। তিনিও বড় মঞ্চে জ্বলে উঠবেন, এ আশা সবার। আর ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা শান্ত এ মুহূর্তে ব্যাটিংয়ে আশা-ভরসার কেন্দ্র। মিডল অর্ডারে ২২ বছর বয়সী তাওহিদ হৃদয়ও আস্থাভাজন হয়ে উঠেছেন। আরেক ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ায় তাকে ভাগ্যবানই বলতে হবে।

২৫ বছর বয়সী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দলের গুরুত্বপূর্ণ সদস্য। এশিয়া কাপে আফগানিস্তান ম্যাচে ওপেন করতে নেমে সেঞ্চুরি করে দেখিয়ে দিয়েছেন, সুযোগ পেলে বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন। আর বল হাতে তিনি পরীক্ষিত নাম। অলরাউন্ডার কোটায় দলে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান। স্পিন বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিং করেন তিনি। ২৮ বছর বয়সী বামহাতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ প্রত্যাশিতভাবেই দলে সুযোগ পেয়েছেন। 

পেস ব্রিগেডে আছেন পাঁচজন—তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। সম্ভবত এ ইউনিট নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। তাসকিন, হাসান ও শরিফুল কয়েক মাস ধরে ভালো খেলে এসেছেন। মুস্তাফিজ সম্প্রতি স্বরূপে ফিরেছেন। আর ২০ বছর বয়সী পেস বোলার তানজিম সাকিব এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে একটি ম্যাচে আগুন ঝরানো বোলিং করে সমর্থক ও নির্বাচক সবার আস্থা কুড়িয়েছেন। ফলে বিশ্বকাপগামী বিমানের টিকিটও পেলেন। 

গতকাল দিনভর নাটকীয়তার পর অবশেষে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষে ১৫ জনের দল ঘোষণা করা হয়। এ দলে সবচেয়ে বড় চমক বামহাতি ওপেনিং ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের না থাকা। 

সোমবার মধ্যরাত থেকে তামিম ইস্যুতে আলোচনার যে ঝড় চলছিল, তাতে মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল, বিশ্বকাপের দলে হয়তো ঠাঁই মিলবে না ৩৪ বছর বয়সী এ ব্যাটসম্যানের। হলোও তাই। ওয়ানডে ক্রিকেটে একমাত্র বাংলাদেশী হিসেবে আট হাজারেরও বেশি রান সংগ্রাহক, সদ্য সাবেক অধিনায়ক তামিমমে ছাড়াই ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ খেলতে আজ বিকালে ভারতে রওনা হবে সাকিব আল হাসানের দল। 

অথচ এ বিশ্বকাপটা তামিমের অধীনেই খেলার কথা ছিল মুশফিক, সাকিব, লিটনদের। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, তাকে রেখেই বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাকিব ও তার দল, যেন ২০১১ ফিরে এল। সেবার নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা চোটের কারণে ছিটকে যান বিশ্বকাপ থেকে। ঘরের মাঠে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ মিলে যায় তরুণ সাকিবের। এবার ভারতে অনুষ্ঠেয় আসরে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক হলেন তামিমের চোটের কারণেই।

বাংলাদেশ দলের কোচ হাথুরুসিংহে সোমবার অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফেরার পর ঘটনা মোড় নেয় অন্যদিকে। পুরোপুরি ফিট নন বলে তামিমকে চাননি অধিনায়ক সাকিব। অধিনায়কের কথায় সায় দেন হাথুরুসিংহেও। ফলে বোর্ড সভাপতি ও নির্বাচক প্যানেল পড়ে যায় অগ্নিপরীক্ষায়। অবশেষে তামিমকে রেখেই দল ঘোষণা করতে হয় তাদের।

আজই ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে পৌঁছবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে ২৯ সেপ্টেম্বর ও আগামী ২ অক্টোবর শ্রীলংকা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে সাকিবের দল। এর পাঁচদিন পর শুরু হবে বিশ্বকাপ মিশন। গুয়াহাটি থেকে দল যাবে হিমাচলের ধর্মশালায়। ৭ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। 

চলতি বিশ্বকাপে অংশ নেবে মোট ১০টি দল। ২৮ সেপ্টেম্বর দল ঘোষণার শেষ সময় হলেও বেশির ভাগ দেশ আগেভাগেই দল ঘোষণা করেছে। গতকাল সর্বশেষ দেশ হিসেবে দল ঘোষণা করে বাংলাদেশ। এতটা বিলম্ব হওয়ার কারণ তামিমকে নিয়ে নাটকীয়তা। 

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।