হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য আবার পাঁচদিনের রিমান্ড পেয়েছে পুলিশ। একই মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপকেও।

গতকাল ঢাকার মহানগর হাকিম মোশাররফ হোসেন শুনানি শেষে তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

রোববার ঢাকার পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ঢাকার আদাবর থানা এলাকায় পোশাক শ্রমিক মো. রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গতকাল তাকে ১০ দিনের রিমান্ড পেতে আদালতে আবেদন করে পুলিশ। একই মামলায় গ্রেফতার দেখানো হয় সাংবাদিক দম্পতিকে।

সরকার পতনের পর একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ পদ থেকে চাকরিচ্যুত শাকিল ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট অ্যান্ড প্রেজেন্টার পদ থেকে চাকরিচ্যুত রূপা দেশের বাইরে যাওয়ার চেষ্টার সময় বিমানবন্দরে আটক হন। ২১ আগস্ট আটকের পরদিন দুজনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন তাদের টঙ্গীর পোশাক শ্রমিক ফজলুল করিম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। পুলিশের আবেদনে তাদের চারদিনের রিমান্ডে পাঠান বিচারক।

সরকার পতনের দিন গত ৫ আগস্ট উত্তরায় জসিম উদ্দিন মোড়ের কাছে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফজলুল। এই রিমান্ড শেষে সাংবাদিক দম্পতিকে আদাবরে রুবেল হত্যা মামলাতেও গ্রেফতার দেখানো হয়।