বগুড়ায় একটি মামলায় জামিন জালিয়াতি করা ৩০ আসামির ১৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ওই আসামিরা হলেন লিটন, মানিক, জাকির, তানভির, গণি, রাসেল মন্ডল, আসাদুজ্জামান, খোকন, শিপন, আল মামুন, দিপ্ত, রাজিব, হেলাল, রাব্বী।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি মোটর মালিক গ্রুপের কার্যালয় দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চাঁদাবাজি, মারপিট ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন মশিউল আলম। ১৪ ফেব্রুয়ারি উচ্চ আদালতের দুজন বিচারকের নাম ব্যবহার করে ভুয়া জামিননামা তৈরি করে ওই মামলার ৩০ আসামি। তারা ভুয়া জামিনের কাগজপত্র বগুড়া সদর থানায় জমা দেয়। পরে জামিন জালিয়াতির বিষয়টি ফাঁস হয়ে গেলে উচ্চ আদালতের একটি বেঞ্চ অভিযুক্ত ৩০ জনকে সাত কার্যদিবসের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন। গতকাল ৩০ জনের মধ্যে ১৪ জন আসামি জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আবেদন নামঞ্জুর করেন আদালতের বিচারক আসমা মাহমুদ। আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠায় পুলিশ।