বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়ির রান্নাঘর থেকে মোকলেসুর রহমান খান (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার মধ্য তেলিগাতী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সকালে বৃদ্ধের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, বাড়িতে একা থাকায় রাতের কোনো এক সময় কেউ তাকে হত্যা করে ফেলে রেখেছে।

নিহত মোকলেসুর রহমান খান মধ্য তেলিগাতী গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে। কারা এবং কী কারণে মোকলেসুর রহমানকে গলা কেটে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, মোকলেসুর রহমান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।