কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুত্স্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল দুপুর সাড়ে ১২টায় উপজেলার রেলওয়ে পাওয়ার হাউজের কাছে হরিজন কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সড়কের পাশ থেকে সৌরবিদ্যুতের খুঁটি সরানোর কাজ করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬) ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মোবারক (২২)।

স্থানীয়রা জানান, দুপুরে হরিজনপল্লীতে সড়কের পাশ থেকে সৌরবিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ করছিলেন তারা। এ সময় খুঁটি বিদ্যুতের মেইন তারে লেগে স্পৃষ্ট হন তারা। এতে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনের মধ্যে একজন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আরেকজন সেন্ট্রাল হাসপাতাল ও একজন বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে। এ ঘটনায় যদি কারো দোষ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।