বরিশাল জেলায় ২২টি কেন্দ্রে করোনার টিকা দেয়া হবে। জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সারা দেশের মতো বরিশালেও একই দিনে টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। তিনি জানান, টিকা দেয়ার জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল ও আধুনিক সদর হাসপাতালে আটটি করে মোট ১৬টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি, সিভিল সার্জন কার্যালয়ে দুটি ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে একটি টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। তার মধ্যে সার্জন কার্যালয়ে দুটি ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে একটি স্ট্যান্ডবাই হিসেবে থাকবে, যা জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে।
তিনি আরো জানান, টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তি পছন্দের কেন্দ্রে গিয়ে নাম নিবন্ধন করবেন। যিনি যে কেন্দ্রে নিবন্ধিত হবেন, তাকে সেখানেই টিকা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, প্রথম ধাপে বরিশাল জেলায় ১ লাখ ৬০ হাজার টিকা সরবরাহ করা হয়েছে। সারা দেশে ৭ ফেব্রুয়ারি টিকা দেয়ার কার্যক্রম শুরু হলে ওইদিন বরিশালে প্রথম স্বাস্থ্যকর্মীদের টিকা দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কেন্দ্রগুলোয় টিকা দেয়া হবে।










