রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে নগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। এতে অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। এরপর রাজশাহী সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো বলেন, আগুনে একটি বাসের (কুমিল্লা ব-১১-০০১৯) পুরোটাই পুড়ে গেছে। অন্যটির (ঢাকা মেট্রো ব-১১-০৮২১) আংশিক পুড়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।