রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে প্রাণঘাতি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১৭ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
গত ২৪ ঘন্টায় যে ১৭ জন মারা গেছেন এদের মধ্যে ১২ জনের করোনায় এবং ৫ জন করোনা উপসর্গে মারা গেছেন। এদের মধ্যে ১০ জনের বাড়ি করোনার হটস্পট রাজশাহী জেলায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুজন, নওগাঁ এবং পাবনার একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন এরা।
হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন ২২ নম্বর ওয়ার্ডে। এছাড়া হাসপাতালের নিবীড় পরিচর্যাকন্দ্রে (আইসিইউ) তিনজন, ৩, ১৪, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ২৫ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ড একজন করে করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত ৭ জন রাজশাহীর, দুজন করে চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার এবং একজন পাবনা জেলার বাসিন্দা ছিলেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৬ জনের মধ্যে রাজশাহীর ৩ জন, নওগাঁর একজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে, হাসপাতাল সূত্র জানিয়েছে, ৪০৫ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৬৮ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন।
করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ২০২ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০৬ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৬০ জনের নমুনায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন। এই একদিনে হাসাপাতল ছেড়েছেন ৫৫ জন।
বৃহস্পতিবার ( ১ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৯০ ও রামেক ল্যাবে ১৯১ জনের নুমানায় করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৪২ দশমিক ৩৯ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৭ দশমিক ০৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।










