পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই লেক তীরবর্তী পাঁচটি দোকান ধসে পড়েছে । সোমবার সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত রিজার্ভবাজারে শহীদ আব্দুল আলী একাডেমি এলাকায়।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিকভাবে বিকট শব্দে ৫টি দোকান ধসে পড়ে। মূলতঃ গত কয়েকদিনে রাঙ্গামাটিতে মুসলধারে বৃষ্টিপাতে এসব টং দোকানের খুটির নিচের মাটি নরম হয়ে পড়ে ও পুরনো স্থাপনার কারণে দোকানের ভিতও ছিলো অনেকটা নড়বড়ে; যার কারণে এই ধসের ঘটনা ঘটেছে। এছাড়া বৃষ্টিপাতের কারণে দোকানগুলো সড়কের পাশ থেকে ক্রমশই পেছনের দিকে হেলে পড়ছিলো। দোকানদের ভাষ্য, তারা দোকান মালিকদের এই বিষয়ে বার বার তাগাদা দিলেও দোকান মালিক কর্ণপাত করেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাঙ্গামাটি কার্যালয়ের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বণিকবার্তাকে জানান, আমরা খবর শুনে দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসি এবং উদ্ধার অভিযানে অংশ নিই। তবে লকডাউনের কারণে দোকানপাটগুলোতে মানুষের উপস্থিতি না থাকাই কোন হতাহতের ঘটনা ঘটেনি। কাপ্তাই লেকের দিকে ধসে পড়ায় দোকানগুলোর মালামাল কিছুটা নষ্টা গেছে, তবে স্থাপনা পুরোটাই ধ্বংস হয়ে গেছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন জানান, এ ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান চালায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।