নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোর গ্যাং টাইগার গ্রুপের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি ছোরা, একটি সুইচ গিয়ার চাকু ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

আজ বুধবার দুপুরে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হল- মো. রাসেল, মেহেদী হাসান, মো. রাকিব, মো. ইব্রাহীম, বাবু ও আশিক। তাদের প্রত্যেকের বয়স ১৯ হতে ২২ বছর।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। নিজেদেরকে কিশোর গ্যাং টাইগার গ্রুপের সদস্য বলে পরিচয় দিয়ে আসছিল। পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য ঘটনাস্থলে ছোরা, সুইচগিয়ার চাকু, স্টিলে চাকু নিয়ে একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে কাঁচপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় দলবদ্ধ হয়ে সংঘাত ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিএসসি’র গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানায়।