সবার আগে সেমিফাইনালে নাম লিখিয়েছে ভারত। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলেও তারা রয়েছে ১ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে তাদের পরেই দক্ষিণ আফ্রিকা। আজ ইডেন গার্ডেনসে এ দুই শীর্ষ দলের লড়াই। এ ম্যাচ জিতলে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে যাবে প্রোটিয়ারা। সেই সঙ্গে শ্রেয়তর নিট রানরেট নিয়ে তারা টেবিলের শীর্ষস্থানও দখল করবে। আর ভারত চাইবে জয়রথেই থাকতে। স্বাগতিক ও প্রোটিয়াদের এ লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল ভারত। বৃহস্পতিবার মুম্বাইতে শ্রীলংকাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রোহিত শর্মার দল। তার আগের দিন পুনেতে নিউজিল্যান্ডকে ১৯০ রানের ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা। ইডেনে আজ দুই ইন-ফর্ম দলের লড়াই।
সেমিফাইনালে ওঠার পথে প্রতিপক্ষ দলগুলোকে ব্যাট-বলে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারত। প্রথম পাঁচ ম্যাচেই সফলভাবে রান তাড়া করে জিতেছে স্বাগতিক দল। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়া করে জয়ের পর ইংল্যান্ডকে ১০০ রানে ও শ্রীলংকাকে ৩০২ রানে হারায় রোহিত শর্মার দল।
কিছু ব্যক্তিগত দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে জয়রথে রয়েছে ভারত। তারকা ব্যাটার বিরাট কোহলি ৮৮.৪০ গড়ে ৪৪২ রান করে রয়েছেন তালিকার তিনে। গতকাল সেঞ্চুরি করে তাকে টপকে দুইয়ে উঠে যান নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। ৭ ম্যাচে ৪০২ রান করে ভারতীয় দলনায়ক রোহিত আছেন তালিকার পাঁচে।
ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ১৫ উইকেট নিয়ে আছেন তালিকার পাঁচে। মাত্র তিন ম্যাচে ১৪ উইকেট নিয়ে তার পরেই আছেন মোহাম্মদ শামি। এছাড়া স্পিনার কুলদীপ যাদব ১০ উইকেট ও রবীন্দ্র জাদেজা ৯ উইকেট ও পেসার মোহাম্মদ সিরাজ ৯ উইকেট শিকার করে ভারতের জয়ে অবদান রাখছেন।
প্রোটিয়ারাও উড়ছে। ধর্মশালায় নেদারল্যান্ডসের কাছে অঘটনের শিকার হওয়া ছাড়া প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করেছে তারা। সাত ইনিংসের মধ্যে চারটিই সাড়ে তিনশোর্ধ্ব সংগ্রহ গড়ে তারা। চারশরও বড় স্কোর আছে একটি। টুর্নামেন্টের সর্বোচ্চ ৪২৮ রানের সংগ্রহটা প্রোটিয়াদেরই। দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে পাহাড়সম স্কোরটা গড়েছিল তারা। ইংল্যান্ডের বিপক্ষে তারা তুলেছিল ৩৯৯ রান।
টুর্নামেন্টে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি করেছেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। সর্বোচ্চ ৫৪৫ রানও তার। এছাড়া এইডেন মার্করাম (৩৬২), ফন ডার ডুসেন (৩৫৩) ও হাইনরিখ ক্লাসেন (৩১৫) দুর্দান্ত ব্যাটিংয়ে টানছেন দলকে। বল হাতে প্রোটিয়াদের হয়ে জ্বলছেন মার্কো ইয়ানসেন (১৬ উইকেট), জেরাল্ড কোয়েৎজি (১৪ উইকেট) ও কাগিসো রাবাদা (১১ উইকেট)।
দুই দলেরই মূল শক্তির জায়গা ব্যাটিং। উভয়ের ভাণ্ডারে আছেন একাধিক বিগ হিটার। তাই ইডেনে আজ ব্যাটিংয়ের ধ্রুপদি এক প্রদর্শনী হওয়ার অপেক্ষা।
ভারতের কোচ রাহুল দ্রাবিড় এ ম্যাচ সামনে রেখে বলেন, ‘এটা এমন দুই দলের লড়াই যারা ভালো ক্রিকেট খেলছে। এ বিশ্বকাপে বেশ কয়েকটি ভালো দল আছে। তবে এ মুহূর্তে নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকা অত্যন্ত ভালো ক্রিকেট খেলছে।’
ভারতীয়দের জন্য দুঃসংবাদ হয়ে এসেছেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গোড়ালির চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন তিনি। গত ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিপক্ষে বোলিং করার সময় গোড়ালিতে চোট পান। পান্ডিয়ার জায়গায় ভারতের বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।










