বাগেরহাটের মোংলায় একটি বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে ইয়ামিন হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে পৌর শহরের ৬নং ওয়ার্ডের কবরস্থান সড়কের দিগন্ত কলোনি এলাকায় দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন দিগন্ত কলোনি এলাকার বাবুল হোসেনের ছেলে।
ইয়ামিনের মামা মানিক খাঁন জানান, পৌরশহরের কবরস্থান এলাকায় বসবাস করেন তার বোন খাদিজা বেগম (৪০)। গতকাল সকাল ৯টার দিকে খাদিজা বেগম তার ছোট শিশুসন্তান ইয়ামিনকে নিয়ে দিগন্ত কলোনি এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। ইয়ামিন নানাবাড়ি আসার পর সকাল সাড়ে ১০টার দিকে কলোনির দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ট্যাংকের ভেতর শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্বজনরা।










