করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ২২ জন মারা গেছেন।  বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯ টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে এরা মারা যান।

এদিকে ২৯ জুন করোনা ইউনিটে সর্বোচ্চ ২৫ জন মারা যান। করোনা সংক্রমণ শনাক্তের পর হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যে ২২ জন মারা গেছেন এদের মধ্যে ৫ জনের করোনায়, ১৬ জন করোনা উপসর্গে এবং একজন করোনা নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন।

এদের মধ্যে ১৪ জনের বাড়ি বিভাগে করোনার হটস্পট রাজশাহী জেলায়। এছাড়া নওগাঁর ৫ জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন এরা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। 

এদের মধ্যে সর্বোচ্চ ৪ জন করে মারা গেছেন হাসপাতালের ১৪ এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে। এছাড়া ১৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ১, ৩, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ২২, ৩৯/৪০ নম্বর ওয়ার্ড ও কেবিনে একজন করে করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত তিনজন রাজশাহীর, একজন নওগাঁ জেলার এবং একজন ঝিনাইদহ জেলার বাসিন্দা ছিলেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৬ জনের মধ্যে রাজশাহীর ১১ জন, নওগাঁর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নাটোরের একজন। এছাড়া করোনা নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতায় নওগাঁয় আরেকজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, হাসপাতাল সূত্র জানিয়েছে, ৪০৫ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৬২ জন।  এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ২০ জন। 

করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৫ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১২ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৫৫ জনের নমুনায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। এই একদিনে হাসাপাতল ছেড়েছেন ৪৬ জন।

বুধবার (৩০ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। 

এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৪৭ ও রামেক ল্যাবে ২০১ জনের নুমানায় করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে নওগাঁর ৬৩ দশমিক ৫৬ শতাংশ, রাজশাহীর ৩৯ দশমিক ৯০ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৩৭ দশমিক ৯৩ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।