বাগেরহাটের মোড়েলগঞ্জে নাজমুল হাসান রানা (৪০) নামে এক ইউপি
সদস্যের দুই চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। রানা বারইখালী ইউনিয়ন পরিষদের ৫ নং
ওয়ার্ডের সদস্য। এছাড়া তিনি বারইখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন।
গতকাল দিবাগত রাত ১টার দিকে বাড়ি ফেরার পথে শেখপাড়া বাজার এলাকায় এ
ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করেন। রানা একই ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে।
রানার সহধর্মিণী মুকুল বেগম বলেন, বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে
আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার
পথে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় তারা রানার দুই চোখ ধারালো অস্ত্র দিয়ে উপড়ে
ফেলে। কী কারণে এবং কারা তার ওপর হামলা করেছে, তা এখনো জানা যায়নি। রানার ওপর হামলাকারীদের বিচার দাবি করেন তার
স্ত্রী।
মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান
পলাশ বলেন, সাবেক ছাত্রলীগ নেতা
ও দুবারের ইউপি সদস্য নাজমুল হাসান রানার ওপর রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে
ও নৃশংসভাবে হামলা করেছে। আমি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক
শাস্তি দাবি করছি।
মোড়েলগঞ্জ থানার এসআই দিপঙ্কর মণ্ডল বলেন, খবর পেয়ে আমরা
ঘটনাস্থলে যাই। রানার ওপর হামলাকারীদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু
করেছে।










