রাঙ্গামাটিতে ট্রাক উল্টে নয় শ্রমিক নিহত হয়েছেন। ময়মনসিংহে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন রিকশার দুই যাত্রী। এছাড়া সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় আরো আটজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২৩ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

রাঙ্গামাটি: জেলার বাঘাইছড়ির উদয়পুর সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ১৪ জন শ্রমিক ডাম্প ট্রাকে করে গতকাল সন্ধ্যায় গন্তব্যে ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ছয় শ্রমিক মারা যান। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরো তিনজনের। তবে তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকদের নাম-পরিচয় জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

ময়মনসিংহ: নগরীর লেবেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিদ্যাময়ী লেবেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার উজান বাড়েরা গ্রামের আব্দুর রহমান (৬২) ও তার ভাতিজি শেফালী আক্তার (৪৫)। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনমাস্টার নাজমুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে নান্দাইলে ট্রাকচাপায় হারুন অর রশিদ আকন্দ (৬৮) নামে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে নান্দাইল ডিজিটাল প্রেস ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ আকন্দ নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি ধনারামা গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে। তিনি নান্দাইল হিসাবরক্ষণ অফিস থেকে অডিটর হিসেবে অবসরে যান।

পঞ্চগড়: জেলার বোদা উপজেলায় ট্রাকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে এক পথচারী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক জাহিদুল ইসলাম জাহিদের (৩০) বাড়ি উপজেলার মাঝগ্রামে। তিনি ওই গ্রামের মানিক ইসলামের ছেলে। নিহত পথচারী নূর জাহানের (৫০) বাড়ি একই উপজেলার ফকিরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের সাত্তার উদ্দিনের স্ত্রী।

মাদারীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ যাত্রী। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে শিবচরের বন্দরখোলায় ঘটে এ দুর্ঘটনা।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে ইউনিক পরিবহনের একটি বাস বন্দরখোলায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান গোলাম রহমান শিকদার নামের এক যাত্রী।

বাগেরহাট: জেলার মোল্লাহাটে ট্রলির ধাক্কায় আজাহার হাওলাদার (৪৫) নামে এক ভ্যানচালক ও তার মা নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার শিকদার মার্কেটের সামনে ট্রলিটি পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও তার মা রাহিলা বেগম (৬০) গুরুতর আহত হন। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাহিলা বেগমকে মৃত ঘোষণা করেন। আজাহার হাওলাদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।

বগুড়া: ধুনটে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। গতকাল সকালে ধুনট-সোনাহাটা পাকা সড়কের থানাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার উপজেলার কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নাটোর: লালপুরে চলন্ত ট্রাকের পেছনে আটকা পড়ে সিএনজিচালিত অটোরিকশার চালক মো. নাজিমুদ্দিন (৩০) নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের নবীনগর থেকে ট্রাকের পেছনে অটোরিকশাটি ঢুকে পড়ে। ট্রাক টানতে টানতে অটোরিকশাটিকে তিলকপুরের নিমতলী স্কুল মোড় পর্যন্ত নিয়ে আসে বলে জানান লালপুর থানার ওসি মো. নাসিম আহমেদ।