সংযুক্ত আরব আমিরাতে গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৫০ হাজারের বেশি বাংলাদেশী সাধারণ ক্ষমা পেয়েছেন। অবৈধ বিদেশী কর্মীদের জন্য দেশটির সরকার এ সাধারণ ক্ষমা ঘোষণা করে।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অবৈধ বিদেশী কর্মীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের সরকার চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এ সময়ে দেশটিতে অনিয়মিত কিংবা অবৈধ হয়ে পড়া কর্মীরা নতুন কাজে নিয়োগ লাভের সুযোগ পেয়ে বৈধ হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এরই মধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশী এ সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন।










