বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় রাইসা ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী মশিউর রহমান মুকুলের (৫২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার পৌর শহরে মুকুলের নিজ বাসা থেকেই তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মশিউর রহমান মুকুল ক্লিনিক ছাড়াও পৌর শহরের রাইসা মটরসের স্বত্ত্বাধিকারী। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা স্থানীয়দের।
মুকুলের স্ত্রী হেলেনা বেগমের দাবি, তার স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এতে তার মানসিক সমস্যা দেখা দেয়। যে কারণে তিনি আত্মহত্যা করেছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মুকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গলায় ফাঁস ছাড়া তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। ময়নাদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।










