ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় করা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়াসহ তিনজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাদের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেয়া অপর দুই আসামি হলেন ফয়সালের শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ ও মারিয়া আক্তার লিমা। এর আগে ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান জানান, পাঁচদিনের রিমান্ড শেষে আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের আরো সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।










