চলমান তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী
২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শনিবার
(২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শনিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার
মাহবুবুর রহমান তুহিন জানান, চলমান তাপদাহে শিশুশিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা
বিবেচনায় আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ
থাকবে। একইসঙ্গে শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর
লার্নিং সেন্টারগুলো বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন,
দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে
২৭ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান
বন্ধ থাকবে। তবে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।










