বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহুমাত্রিক। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না। আমরা দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আজ ৪টার কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়। ২৫ মিনিট বৈঠকের পর বেরিয়ে আসেন প্রণয় ভার্মা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণয় ভার্মা বলেন, আমরা পারস্পরিকভাবেই দুই দেশ নির্ভরশীল। আমাদের অনেক উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশ লাভবান হচ্ছে। যেমন বিদ্যুৎ সরবরাহ, নিত্য প্রয়োজনীয় সামগ্রীসহ অনেক পজিটিভ উন্নয়ন উদ্যোগ আমাদের আছে।
উল্লেখ্য, গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়।










