সিলেটে আগামীকাল থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। পূর্বঘোষিত চার দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় এ কর্মসূচির ডাক দেয়া হয়েছে।
শ্রমিকরা জানান, চার দফা দাবিতে বেশকিছু দিন থেকে আন্দোলন চালিয়ে আসছেন জেলার পরিবহন শ্রমিকরা। এরই অংশ হিসেবে গত ২৬ ফেব্রুয়ারি কদমতলী টার্মিনাল এলাকায় মানববন্ধন করেন তারা। এছাড়া ৫ মার্চ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে চার দফা দাবিতে স্মারকলিপি দেন তারা। ওই স্মারকলিপিতে ২০ মার্চের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে ২১ মার্চ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন ইউনিয়ন নেতারা। সর্বশেষ শনিবার রাতে নগরীর দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টের কার্যালয়ে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভায় লাগাতার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, পরিবহন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় জেলায় কাল সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করা হবে।










