বিশ্বকাপের প্রথম ওয়ার্মআপ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিল বাংলাদেশ। গতকাল গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে লংকানদের ৭ উইকেটে হারায় টাইগাররা। আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.১ ওভারে ২৬৩ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। রান তাড়া করতে নেমে ৪৮ বল ও ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সাকিববিহীন বাংলাদেশ। 

অধিনায়ক সাকিব আল হাসান এ ম্যাচে খেলেননি। তিনি চোটে পড়েছেন, নাকি বিশ্রামে সেই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। তার অনুপস্থিতিতে মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দেন বাংলাদেশকে। এ ম্যাচে দাপটে শ্রীলংকাকে হারাল লাল-সবুজরা।

লংকানদের ওপেনিং জুটি দুর্দান্ত সূচনা করে ১০৪ রান তুলে নেয় ১৫ ওভার পূর্ণ হওয়ার আগেই। এরপর বাংলাদেশের বোলাররা দারুণভাবে ফিরে এসে প্রতিপক্ষ দলটিকে ২৬৩ রানে আটকে দেন। স্পিনার শেখ মেহেদী হাসান ৩৬ রানে তিনটি উইকেট নেন। এছাড়া মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নেন। রানআউট হয়েছেন শ্রীলংকার দুজন, আর ওপেনার কুশল মেন্ডিস ২৪ বলে ৩৪ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন। পাথুম নিশাঙ্কা ৬৪ বলে ৬৮ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৭৯ বলে ৫৫ রান করেন। 

রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও লিটন দাস ১৩১ রান তুলে দিলে বাংলাদেশকে জয় নিয়ে আর ভাবতে হয়নি। লিটন ১০ বাউন্ডারিতে ৫৬ বলে ৬১ রান করে দুশান হেমন্তর শিকার হন। এরপর মিরাজকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৫২ রান যোগ করে সাজঘরের পথ ধরেন তামিম। ২০ বছর বয়সী এই বামহাতি ব্যাটার ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় ৮৮ বলে ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলে বিশ্বকাপে একাদশে জায়গা করে নেয়ার দাবি জোরালো করলেন। 

তাওহিদ হৃদয় কোনো রান তোলার আগেই দুনিত ভেল্লালাগের শিকারে পরিণত হন। যদিও তাতে জিততে সমস্যা হয়নি দলের। চতুর্থ উইকেটে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে (৪৩ বলে ৩৫*) সঙ্গী করে দলকে জয়ের বন্দরে নোঙর করান ক্যাপ্টেন মিরাজ (৬৪ বলে ৬৭*)। সোমবার গুয়াহাটিতে দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 

গতকাল হায়দরাবাদে আরেক ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের ছুড়ে দেয়া ৩৪৬ রানের টার্গেট ছুঁয়ে ফেলে কিউইরা। আর কেরালায় দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ওয়ার্মআপ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।