দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, পাহাড়ধস এবং বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের যতদিন সহযোগিতা লাগে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে। তিন মাস লাগলে তিন মাস ধরেই সহায়তা দেবে সরকার।

গতকাল রাতে রাঙামাটি শহরের ভেদভেদীস্থ লোকনাথ ব্রক্ষচারী আশ্রমের হলরুম সংলগ্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতি দেখভাল করার জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি চট্টগ্রামে আগামী ৬-৭ দিন থাকবেন। তিনি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সার্বিক বিষয় মনিটরিং করবেন।

তিন পার্বত্য জেলাসহ পাঁচটি জেলার পরিস্থিতি দেখা এবং এ বিষয়ে রিপোর্ট প্রদানের জন্য আমাকে পাঠানো হয়েছে। এখানে এসে দেখলাম টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে অনেক ক্ষতি হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোটামুটি সামাল দিতে পেরেছে বলেও তিনি জানান।

বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকার আরো ত্রাণ সহায়তা দিতে প্রস্তুত। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ও পানি কমলে ক্ষতিগ্রস্তদের বিষয়ে কী করা যায় তা স্থানীয় প্রশাসনসহ সবার সঙ্গে বসে সমাধানের চেষ্টা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া এবং জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো এসময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরো জানান, এ সংকট মোকাবেলা করা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ, তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে।

এসময় প্রতিমন্ত্রী আশ্রয় কেন্দ্রে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পরে সবার মধ্যে খাবার বিতরণ করেন।