প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। সেই সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে তোলারও আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা জানান, বিএনপি সরকারের সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল সংসদ অধিবেশন দেখার সুযোগ পান চারজন বিদেশী শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সুজাউদ্দৌলা বলেন, ‘দুপুরে তারা জাতীয় সংসদ ভবনে আসেন। এ সময় তারা সংসদের নির্মাণশৈলী প্রত্যক্ষ করেন। ঘুরে দেখেন লাইব্রেরি। বিভিন্ন স্থানে ফটোসেশনও করেন তারা। পরে সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন শিক্ষার্থীরা। এরপর দেয়া হয় নামাজের বিরতি। সেই বিরতিতে তারা সাক্ষাৎ পান প্রধানমন্ত্রী তারেক রহমানের।’
এদিন প্রধানমন্ত্রী মতবিনিময় করেছেন রোবোসাব ২০২৬-এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। বিকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় করেন।
সুজাউদ্দৌল্লা জানান, এ মতবিনিময়কালে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্ট প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। প্রধানমন্ত্রী তরুণদের গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজে আরো মনোযোগী হতে উৎসাহিত করেন।










