এ মাসের শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপ সামনে রেখে এ সিরিজে বেশকিছু জ্যেষ্ঠ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। সিরিজে কিউই দলকে নেতৃত্ব দেবেন ফাস্ট বোলার লোকি ফার্গুসন। 

কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন ব্যাটার টম ল্যাথাম। তাকে বাংলাদেশ সফরে বিশ্রাম দিয়েছে কিউই বোর্ড। এছাড়া ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও টিম সাউদি আসছেন না ঢাকায়। 

ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও অ্যাডাম মিলনে থাকায় পেস ইউনিট যথেষ্ট শক্তিশালী নিউজিল্যান্ডের। আর স্পিন অ্যাটাকে থাকছেন ইস সোধি, রাচিন রবীন্দ্র ও কোল ম্যাককনচি। 

সম্প্রতি ইংল্যান্ড সফরে উস্টারশায়ারের বিপক্ষে একটি টি২০ ওয়ার্মআপ ম্যাচে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেন ফার্গুসন। এবার আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করার সুযোগ এসে গেল তার। 

কিউইদের হেড কোচ গ্যারি স্টিড বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞ এক বোলার লোকি। এবার শুধু বোলিংয়েই নয়, দলকেও সামনে থেকে নেতৃত্ব দেয়ার সুযোগ এসে গেল তার সামনে। আমরা এই সিরিজ তো বটেই, এরপর বিশ্বকাপ ও আগামী বছর এপ্রিলের পাকিস্তান সফর পর্যন্ত পরিপূর্ণ সূচি সামনে রেখে পরিকল্পনা করছি। আমরা প্রতিটি সিরিজের জন্য খেলোয়াড় ও স্টাফদের সতেজ ও তৈরি রাখতে চাই।’

ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এরপর বিশ্বকাপ খেলতে কিউইরা চলে যাবে ভারতে। বাংলাদেশেরও এটি বিশ্বকাপের আগে শেষ সিরিজ। 

নিউজিল্যান্ড স্কোয়াড: লোকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েজ, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইস সোধি, ব্লেয়ার টিঙ্কার ও উইল ইয়াং।