সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ মঙ্গলবার (১০ মার্চ) সিলেট সদর উপজেলায় জাঙ্গাইল সুরমা নদী থেকে বলাউরা জিলকার হাওর পর্যন্ত বংশীখাল খনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট অঞ্চলের অনেক কৃষিজমি শুকনো মৌসুমে সেচের পানির অভাবে অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ পায় না। এ সমস্যা সমাধানে জাঙ্গাইল থেকে বলাউরা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ বংশীখাল খনন করা হবে।
তিনি জানান, খালটি খনন শেষ হলে প্রায় ৬ হাজার হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে। এর ফলে কৃষকেরা অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ পাবেন। এতে তাদের আয় বাড়বে এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতেও অবদান রাখবে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, নবনির্বাচিত সরকার জনগণের কাছে দেয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। সরকার দায়িত্ব নেয়ার মাত্র ২১ দিনের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের সময় জনগণের সামনে যে উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে সিলেটসহ সারা দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। পরে বাণিজ্যমন্ত্রী বংশীখাল খনন কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










