ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে একে একে চারজনেরই মৃত্যু হয়েছে। এখনো জীবিত আছে দুই নবজাতক। নবজাতকদের ফুপু ফারজানা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢামেকের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন এক নবজাতক ছেলে মারা যায়। এদিন দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর নীলক্ষেতের হোমকেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় এক নবজাতক কন্যা মারা যায়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেলের এনআইসিইউ-তে থাকা আরও দুইজন ছেলে নবজাতক মারা যায়।
ফারজানা আক্তার জানান, এখন বেসরকারি হাসপাতালে দুই মেয়ে জীবিত রয়েছে। তারা এনআইসিইউ-তে আছে।
ঢামেক গাইনি বিভাগের ইউনিট-১ এর সহযোগী অধ্যাপক ডা. আবিদা সুলতানা বলেন, শনিবার রাতে প্রিয়া হাসপাতালে ভর্তি হন এবং পরদিন সকালে ছয় সন্তানের জন্ম দেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি পূর্ণাঙ্গ প্রসব নয়। বরং ২৭ সপ্তাহে ইনএবিটেবল অ্যাবরশন। তিনি জানান, নবজাতকদের মধ্যে তিনজনের ওজন প্রায় ৯০০ গ্রাম এবং বাকি তিনজনের ওজন ৮০০ গ্রাম ছিল। দেশে সাধারণভাবে ২৮ সপ্তাহকে ‘ভায়াবল এইজ’ ধরা হয়। প্রিয়ার ক্ষেত্রে প্রসব হয়ে গেছে তার আগেই।










