রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া এলাকা থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে কাউখালী থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ঘাগড়া পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে মরদেহটি পাওয়া গেছে। এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহটি অর্ধগলিত হওয়ায় এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রাঙ্গামাটির কাউখালী থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, আমরা ঘাগড়া এলাকা থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করেছি। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










