প্রবীণ ব্যক্তিদের জন্য সম্মানজনক ও সুখী জীবনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, প্রবীণরা পথপ্রদর্শক। সম্মান দেয়া, সম্মান পাওয়ার সঙ্গে সম্পৃক্ত । তাদের সম্মান করতে হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রবীণ ব্যক্তিরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে সম্মানের সঙ্গে জীবন কাটাবে। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রবীণদের জন্য উন্নত দেশের মতো কমিউনিটি ভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে। আজ না হোক কাল আমাদের এ পথেই ফিরে যেতে হবে। একই সঙ্গে প্রবীণ দিবসের আয়োজনেও আগামীতে পরিবর্তন আনতে হবে। প্রবীণ দিবসের অনুষ্ঠান নবীন ও প্রবীণের সংমিশ্রণে আয়োজন করতে হবে। সেখানে আমরা নবীন ও প্রবীণদের কথা শুনবো, এক অপরের সঙ্গে পরিচিত ঘটবে।
উপদেষ্টা আরো বলেন, এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য 'একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে'। এ স্লোগানের প্রতি আমরা বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে প্রবীণ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হবো। এটাই আমাদের মূল্যবোধ।
অনুষ্ঠানে সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমানের খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। আরো ছিলেন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়াবিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম) এর সভাপতি মো. শামসুল হক, মহাসচিব মো. এন্তেজার রহমান এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়াবিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম) এর মহাসচিব মনজু আরা বেগম।










