'টাকা তো সবসময় রোজগার করি কিন্তু বন্যা তো সবসময় থাকে না। এখন টাকা রোজগার না করে বন্যার্ত মানুষের সাহায্যে কাজ করতেছি। কুমিল্লা শহরের শাসনগাছা বাসস্ট্যান্ডে আমার ট্রাক্টর নিয়ে দাঁড়িয়ে থাকি। যদি কোনো মামা (স্বেচ্ছাসেবী) বুড়িচং উপজেলায় বন্যার্তদের কাছে যেতে চায় আমি সাথে নিয়ে যাই। ট্রাক্টর পানিতেও ভালো চলাচল করতে পারে। আবার বুড়িচং থেকে শহরে আসার সময় বন্যার্ত ও স্বেচ্ছাসেবী কেউ যেতে চাইলে নিয়ে আসি।'

এসব কথা বলছিলেন ট্রাক্টর চালক সুজন। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজারে তার বাড়ি। একমাত্র ট্রাক্টর চালিয়ে পণ্য বোঝাই করে সংসারের হাল ধরেন তিনি। কিন্তু বুড়িচং উপজেলা বন্যা আক্রান্ত হলে সুজন তার একমাত্র বাহন নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন মানুষকে।

তিনি বলেন, '৩-৪ দিন ধরে সকালবেলা বেরিয়ে পড়ি। যে যেতে চায় তারে নিয়ে যাই, যে আসতে চায় তারে নিয়ে আসি। আমার একমাত্র বাহন ট্রাক্টর। সবাই সবকিছু দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমিও এই ট্রাক্টর নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি।'