বিরানব্বইয়ের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের মাঠে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ মিশনে নামছে আজ। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাবর আজমের দল। আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে দিবা-রাত্রির এ ম্যাচ।
বিশ্বকাপের আন্ডারডগ নেদারল্যান্ডস। অন্যদিকে, পাকিস্তান এ ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা দল। ওয়ানডেতে এখন পর্যন্ত ছয়বারের মুখোমুখিতে সবগুলোতেই পাকিস্তানের কাছে হেরেছে ডাচরা। বিশ্বকাপের মতো বড় আসরে তাই শুরুতে ‘সহজ’ প্রতিপক্ষই পেয়েছে বাবর আজমের দল।
প্রায় দুই বছর ধরে আইসিসির শীর্ষ র্যাংকধারী দল ছিল পাকিস্তান। কিছুদিন হলো তারা ভারতের কাছে শীর্ষস্থান হারিয়ে এখন দুইয়ে অবস্থান করছে। বিশ্বের দ্বিতীয় র্যাংকধারী দল হলেও বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে একাদশ গঠন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বাবরদের।
হায়দরাবাদে পৌঁছার পর ভীষণ আতিথেয়তা পেয়ে আসছে পাকিস্তান দল, তাতে মুগ্ধ তারা। বাবর মনে করেন, মনের দিক থেকে স্বস্তিদায়ক এ পরিবেশই তাদের ভালো খেলতে অনুপ্রাণিত করবে। বুধবার ক্যাপ্টেন্স মিটে বাবর বলেন, ‘আমরা হায়দরাবাদে সপ্তাহখানেক ধরে আছি, কাজেই আমাদের কাছে এখন এটি বাড়ির মতো মনে হয়। আমরা খুব ভালো আতিথেয়তা পেয়েছি, মানুষজন খুব ভালোভাবে নিয়েছে আমাদের, যা আশাই করিনি। আমরা সবকিছু উপভোগ করেছি। এখন আমাদের জন্য টুর্নামেন্ট উপভোগ করা ও শতভাগ দেয়ার দারুণ এক সুযোগ।’
গত আসরে গ্রুপ পর্ব উতরাতে পারেনি পাকিস্তান। নিট রানরেটে তারা অল্পের জন্য নিউজিল্যান্ডের পেছনে পড়ে যায়। এবার তাই ভালো করতে মরিয়া তারা। অন্যদিকে, ২০১১ সালের পর এই প্রথম বিশ্বকাপ খেলতে নামছে নেদারল্যান্ডস। তারাও শুরুটা স্মরণীয় করে রাখতে চায়।
বাবর দারুণ ফর্মে আছেন। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তান হারলেও দুই ম্যাচে যথাক্রমে ৮০ ও ৯০ রানের দুটি ইনিংস খেলেন তিনি। দুই ম্যাচে সাড়ে তিনশর কাছাকাছি রান করেও পরাজিত দল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের জন্য ইতিবাচক হলো বাবর ও তার সতীর্থদের ব্যাটে ছন্দ। মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল ও ইফতিখার আহমেদ দারুণ ফর্মে আছেন।
মিডল অর্ডারের সমস্যা সমাধান হয়ে গেলেও একাদশ পুরোটা নিশ্চিত হয়নি। ওপেনিংয়ে ফখর জামান ফর্ম নিয়ে ধুঁকছেন। ভারতের ব্যাটিংবান্ধব উইকেটে সঠিক লাইন-লেংথ খুঁজছেন সহঅধিনায়ক শাদাব খান। সবচেয়ে বড় প্রশ্ন, নাসিম শাহ ইনজুরিতে পড়ায় শাহিন শাহ আফ্রিদির সঙ্গে নতুন বলে জুটি বাঁধবেন কে?
বাবর সমাধান খুঁজবেন হাসান আলীকে দিয়ে। দুটি ওয়ার্মআপ ম্যাচে অবশ্য তিনি আলো ছড়াতে পারেননি। নতুন বলে হারিস রউফকে দিয়ে চেষ্টা করতে চায় পাকিস্তান। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রান খরচ করে তিনি দলকে হতাশ করেন।
ওয়ার্মআপ ম্যাচে দীর্ঘদেহী স্পিনার উসামা মির অন্য দুই স্পিনার শাদাব ও মোহাম্মদ নওয়াজের চেয়ে ভালো করেছেন। তার ফর্ম বাবরকে দল নির্বাচনে খানিকটা মধুর সমস্যায় ফেলতে পারে।
এদিকে, নেদারল্যান্ডসের বিশ্বকাপে উত্তীর্ণ হওয়াটা রীতিমতো চমক জাগানো ঘটনা। গত জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্বে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সুপার ওভারে হারিয়ে দেয় তারা। তাতে বিদায় ঘটে ক্যারিবিয়ানদের। এছাড়া ডাচরা হারায় স্কটল্যান্ডকে। বাছাইপর্বে আলো ছড়ান লোগান ফন বিক, বাস ডি লিডি, ম্যাক্স ও’ডাউড, রোয়েলফ ফন ডার মারউই ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তারা সবাই অবদান রেখে দেশকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়েছেন। এবার বিশ্বকাপের মঞ্চে আলো ছড়াতে চায় ডাচরা।
২০২২ সালের টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের আশা শেষ করে দেয়া ডাচরা ৫০ ওভারের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সেরা দল পাঠিয়েছে এবারই। কাজেই ভারতে এবার ডাচদের হাতে দু-একটি অঘটনের অপেক্ষায় থাকতে পারেন ক্রিকেট অনুরাগীরা।
ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বুধবার ক্যাপ্টেন্স মিটে কথা বলেছেন প্রথম ম্যাচ নিয়েই। তিনি বলেছেন, ‘আমি মনে করি এ টুর্নামেন্টের সব ম্যাচই কঠিন হবে। প্রথম ম্যাচ নিয়ে বলব, অবশ্যই পাকিস্তান ভালো একটি দল। আমরাও টুর্নামেন্ট শুরু করতে উদগ্রীব এবং সেটি হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে।’










