জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শনিবার (২০ এপ্রিল) আইজিপি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্স সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আইজিপি বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি  তোমাদেরকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। নিজের শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার সর্বোপরি দেশের সুনাম বৃদ্ধি করতে হবে।

আইজিপি বলেন, তোমাদেরকে দেশের সীমা ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে হবে। তিনি বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ এবং প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার অন্যতম অভিযাত্রী হিসেবে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, আপনারা কর্মজীবনে নানা প্রতিকূল পরিস্থিতি ও চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমরাও আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমন এবং সুষ্ঠু আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মশিউল হক চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমিতির সহ-সভাপতি ওয়ালিউর রহমান, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নাজমুল হক। এ সময় সমিতির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সমিতির উদ্যোগে বাংলাদেশ পুলিশ পরিচালিত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে ঢাকা মহানগর এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পরে আইজিপি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি ও সনদপত্র তুলে দেন।